চৈত্রের খরতাপে ‘পুড়ে যাচ্ছে’ শহর-নগর-গ্রাম। বিদায় বেলায় চৈত্রের এমন রূপে জনজীবন হয়ে উঠেছে বিপর্যস্ত। এর মধ্যে সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ওপর থেকে বয়ে চলা দাবদাহ আরও সাতদিন থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে, ২০ এপ্রিলের পর বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশীদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘দাবদাহ অব্যাহত থাকবে আরও সাত দিন। এ সময়ে তাপমাত্রা আরও বাড়তে পারে।’
এর আগের বছর এই সময়ে তাপমাত্রা ৪১ ডিগ্রি হয়েছিল জানিয়ে বজলুর রশীদ বলেন, ‘এবারও তাপমাত্রা এমন হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি হলেও তা চলতি মাসের ২০ তারিখের পর।
এদিকে চুয়াডাঙ্গা জেলায় গত ৮ দিন ধরেই বিরাজ করছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার খুলনা বিভাগের এ জেলাতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি দাবদাহ।
সিনপটিক পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

إرسال تعليق